আমার মৃত্যুর পরে বাজবে না কোনো সিম্ফনি
হবেনা কোন শোকসভা;
চ্যানেলগুলোতে যাবে না কোন ব্রেকিং নিউজ।
অথচ আমিও তো ছিলাম
সবার মাঝে, সবার জীবনে, অথবা কারো কারো জীবনের কেন্দ্র বিন্দু হয়ে।
এই দেশে, এই শহরে অথবা এই পৃথিবীতে কিংবদন্তি হতে গেলে
কী কী গুণাবলীর অধিকারী হতে হয় তা আমার জানা নেই;
হয়তোবা তাই আমার কোন কিছুই হওয়া হলো না।
আমি না হলাম চারণ কবি, না হলাম বাউল;
হতে পারলাম না বিশ্ববিদ্যালয় অধ্যাপক,
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, কবি অথবা সাহিত্যিক।
হয়তো কিছুই হইনি আমি
তবু মানুষ তো আমি!
এ স্বপ্নেই যেন বিভোর থাকে মন।
এ জীবনে মানুষ হতে পারার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না।
কর্পোরেট হাউস অথবা এনজিও গুলো কেউ না,
পারবে না সোশ্যাল মিডিয়াও।
নগরে নগরে হানা দেওয়া নব্য নেকড়েরাও পারবে না।
সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি এক মানুষ আমি-এই পরিচয় নিয়েই পৃথিবী থেকে চলে যাবো অন্তত এক জীবনে।।